সালাহ যদি মেসি-রোনালদো হতেন...

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের সেরা ম্যাচ বললে ভুল হবে না। অবশ্য দল দুটো যখন লিভারপুল ও ম্যানচেস্টার সিটি, তখন অনায়াসেই যেন সেরা শব্দটি চলে আসে। অ্যানফিল্ডে ৯০ মিনিটের উত্তেজনায় ঠাসা ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। তবে তা ছাপিয়ে আলোচনায় মোহামেদ সালাহর অসাধারণ গোলটি। সেজন্য অবশ্য একটু আক্ষেপ কাজ করছে লিভারপুল কোচ ইউর্গেন ক্লপের মনে।

১-১ সমতায় দ্বিতীয়ার্ধের খেলা চলছিল ৭৬ মিনিটে। ডি বক্সের ডান প্রান্তে বল পান এবং তাকে ঘিরে আছেন তিন খেলোয়াড়। দুই জনকে পেছনে ফেলার পর বেশ চতুরতার সঙ্গে পরাস্ত করেন বার্নার্ডো সিলভাকে। এরপর আইমারিক লাপোর্তোকে কাটিয়ে ডানপায়ের দুর্দান্ত কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই মিশরীয় ফরোয়ার্ড।

ক্লপের মতে, মেসি-রোনালদো হলে এই গোলকে বিশ্বমানের বলা হতো দ্রুতই। তিনি বলেন, ‘যদি রোনালদো বা মেসি এই গোল করলে তখন তারা বলতো বিশ্ব মানের। সালাহ এই গোল করেছে কারণ সে বিশ্ব মানের। এই ক্লাব কখনোই কোনো কিছু ভুলে না। তাই সালাহর এই গোল ৫০-৬০ বছর পরও মনে রাখবে।’ দুই দলের লড়াইটি ছিল শীর্ষে উঠার। কিন্তু ড্র হওয়ায় আন্তর্জাতিক বিরতির আগ পর্যন্ত শীর্ষে রইল চেলসি ( ১৬ পয়েন্ট)। মৌসুমে অপরাজিত থাকা লিভারপুল (১৫) দুইয়ে ও তিনে ম্যানসিটি (১৪)।

এদিকে বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের কাছে ২১ বছর পর নিজেদের মাটিতে হারল বায়ার্ন মিউনিখ। প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারে ইউলিয়ান নাগেলসম্যানের দল।  যদিও ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে তারা, তবে সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বায়ার লেভারকুসেন। সিরি আ’য় জয়ের ধারা অব্যাহত রেখেছে নাপোলি। ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে সাত ম্যাচের সাতটিতেই জয়ে শেষ করল তারা।