বিসিবির নির্বাচন আজ

n ১৪ পরিচালক পদে লড়বেন ২০ প্রার্থি n ঢাকা বিভাগেও ভোট হচ্ছে না

 জান-ই-আলম

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দেয়াল জুড়ে বড় বড় পোস্টার, ব্যানার টানানো হয়েছে। পরিচালক পদ প্রার্থীদের পক্ষে কাউন্সিলরদের কাছে ভোট চেয়ে অনুরোধই শোভা পাচ্ছে এসব পোস্টারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নির্বাচনী হাওয়া স্পষ্ট। ক্রিকেটাঙ্গনের সংশ্লিষ্টরা নিজেদের টাইমলাইনে প্রার্থীদের পোস্টার শেয়ার করছেন এবং ভোট চাচ্ছেন, পছন্দের প্রার্থীকে শুভকামনা জানাচ্ছেন।

নির্বাচনী মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত, অপেক্ষা শুধু ভোটের লড়াই মঞ্চ হওয়ার। দেশের সবচেয়ে প্রভাবশালী, ধনাঢ্য ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচন আজ। আগামী চার বছরের জন্য দেশের ক্রিকেটের অভিবাবক সংস্থার পরিচালক কারা হচ্ছেন, তা আজই জানা যাবে। মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলও আজই প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিসিবিতে পরিচালক পদ ২৫টি। যার মধ্যে ২৩ পদ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ২ জন। এনএসসির মনোনীত দুই পরিচালক এবার হবেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩২ জন। যার মধ্যে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন শুধু শওকত আজিজ রাসেল।

ক্যাটাগরি-১ থেকে আগেই ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। গতকাল  জানা গেল, ঢাকা বিভাগেও দুটি পরিচালক পদে ভোট হচ্ছে না। ভোট ছাড়াই নির্বাচিত হওয়ার সুখবর পেয়ে গেছেন নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। ঢাকায় ২টি পদের বিপরীতে ছিলেন চার প্রার্থী। যার মধ্যে কয়েকদিন আগে মাদারীপুরের খালিদ হোসেন ইয়াদ আলী সরে দাঁড়ান। গতকাল কিশোরগঞ্জর আশফাকুল ইসলাম টিটু নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ে সিদ্ধান্ত নেননি তারা। তাই দুজনের নামই থেকে যাবে ব্যালটে।

সবমিলিয়ে এখন ২৩ পদের ৯ জনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। আজ তাই ১৪ পদে নির্বাচন হবে। ভোটের লড়াইয়ে থাকছেন ২০ প্রার্থী।

বিসিবি নির্বাচনে এবার ভোটার ১৭১ জন। তবে আজ ভোটাধিকার প্রয়োগ করবেন ১০৯ জন। কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়া বিভাগের কাউন্সিলরদের ভোট দিতে হচ্ছে না। নির্বাচনের ভোট উত্সবে ভাটির টান লেগেছে অবশ্য পোস্টাল, ই-ব্যালটে ভোট দেয়ার হিড়িক পড়ে যাওয়ায়। করোনার দোহাই দিয়ে প্রায় অর্ধেক ভোটারই এ পন্থা অবলম্বন করেছেন।

যদিও এসব ভোটাররাই উত্সবের আমেজে বিসিবির এজিএমে হাজির হয়েছিলেন গত আগস্টের শেষ দিকে। এমনকি বিসিবি সূত্রে জানা গেছে, অনেক ভোটার এখন ঢাকার বিভিন্ন হোটেলে প্রার্থীদের আতিথ্য নিচ্ছেন।

ক্যাটাগরি-১ এ রাজশাহীতে ১টি পদের জন্য প্রার্থী সাইফুল আলম চৌধুরী স্বপন ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্বাচনের মূল আকর্ষণ ক্যাটাগরি-২। এখানে প্রার্থী ১৬, নির্বাচিত হবেন ১২ জন। তারা হলেন; নাজমুল হাসান পাপন, মাহবুব উল আনাম, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মুর্তজা পাপ্পা, ওবেদ রশীদ নিযাম, মঞ্জুর কাদের, নজীব আহমেদ, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, মাসুদুজ্জামান, সালাউদ্দিন চৌধুরী, মঞ্জুর আলম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম ও আব্দুর রহমান। ক্যাটাগরি-৩ থেকে একটি পদের জন্য লড়বেন খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদীন ফাহিম।