নাইক্ষ্যংছড়ির ফারি খালের বাঁধে ধস

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ফারি খালের ওপর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাবার ড্যাম প্রকল্পের আওতায় নির্মিত বেড়িবাঁধটি ক্রমেই বিলীন হচ্ছে। ভাঙতে ভাঙতে বাঁধটি এখন পায়ে চলা পথে পরিণত হয়েছে। ফলে যে কোনো সময় সম্পূর্ণ বাঁধটি খালে বিলীন হয়ে যেতে পারে। এদিকে বেড়িবাঁধের ভাঙনে হুমকিতে পড়েছে বাঁধসংলগ্ন শতাধিক বসতবাড়ি।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলার বাইশারী ইউনিয়নের পূর্ব বাইশারী এলাকায় রাজঘাট নামক স্থানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ১ কোটি সাড়ে ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্পে কাজটি বাস্তবায়ন করে। কিন্তু নির্মাণের এক বছর না যেতেই গত আগস্ট মাসের বৃষ্টিতে বাঁধটির অধিকাংশ ধসে যায়। সম্প্রতি বন্যায় ও পাহাড়ি ঢলে বাঁধের দুই-তৃতীয়াংশ বিলীন হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, বাঁধ রক্ষার্থে বিএডিসি ঢালাইয়ের কাজ করেনি। ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে আমার ওয়ার্ডের সাবেক মেম্বার মো. শফি, ডা. হাসেম সরওয়ার, মাওলানা রিদওয়ান, হাজী নুরু ন্নবী, ওসমান গনি মনু, আবুল কালাম, রশিদ আহমদ, জানে আলমসহ অনেকের বসতবাড়ি এখন হুমকির মুখে। তাছাড়া সড়ক ও ঘাট ভেঙে যাওয়ায় চলাচল করতে জনসাধারণের দুর্ভোগ বেড়েছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলম বলেন, ‘ভাঙন স্থান পরিদর্শন করেছি। পাহাড়ি ঢল ও বন্যায় ভেঙে যাওয়া সড়ক ও ঘাট দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি।’ এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাবার ড্যাম প্রকল্পের পরিচালক উপসহকারী প্রকৌশলী বাবু রৌদ্র জানান, সরেজমিনে ভাঙন স্থান পরিদর্শন করে দ্রুতই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আলাদা প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।