শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়া সাভারের রানি নামের খর্বাকৃতির গরুর পর এবার গাজীপুরের শ্রীপুরে সন্ধান মিলেছে টুনটুনি নামে খর্বাকৃতির একটি গরুর। যা দেখতে প্রতিদিনই ভিড় করছে উত্সুক জনতা। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামের কৃষক আবুল কাশেমের গরু টুনটুনিকে দেখতে যান। উপজেলা নির্বাহী অফিসার গরুটি দেখে ওয়ার্ল্ড রেকর্ডের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা-নিরীক্ষা করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুকনুজ্জামান বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে উদ্যোগ নেওয়া হবে। খর্বাকৃতি গরুটির বয়স ১ বছর ২ মাস। ওজন মাত্র ২৩ কেজি এবং উচ্চতা ২২ ইঞ্চি ও লম্বায় ৩২ ইঞ্চি।