আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। হাঁটুর ইনজুরি কাটিয়ে ২২ গজে ফেরাটা সুখকর হয়নি তার জন্য।
ইপিএলে তামিমের ব্যাট জ্বলে উঠেনি। উলটো ইনজুরি নিয়ে গতকাল দেশে ফিরলেন বাঁহাতি এ ওপেনার। বাঁ হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন তিনি। আঙুলে চিড় ধরায় অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। বিসিবির মেডিক্যাল বিভাগ গতকাল বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৬ অক্টোবর ইপিএলের এলিমিনিটের ম্যাচে ইনজুরিতে পড়েন তামিম। ব্যাটিংয়ের সময় জিতেন্দ্র মুখিয়ার বল তার আঙুলে আঘাত হানে। ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান তিনি। ড্রেসিংরুমে ফেরার পর আঙুল ফুলে যাওয়ায় ফিজিও’র পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। গতকাল সকাল ৯টায় ঢাকায় ফিরেন তামিম। পরে হাসপাতালে আঙুলের এক্স-রে করেন। যেখানে চিড় ধরা পড়েছে। তাই ২১ দিন বিশ্রামে থাকতেই হবে তাকে।