দাকোপ (খুলনা) সংবাদদাতা
দাকোপের লক্ষ্মীখোলা পিচের মাথা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৫০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ধসে যাচ্ছে ভদ্রা নদীতে। গত কয়েক দিনে বেড়িবাঁধে ধস তীব্র হয়েছে। কোথাও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। যে কোনো মুহূর্তে ভদ্রা নদীগর্ভে বিলীন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার লোকজন।
স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য সাইদুর রহমান সৌধ জানান, বেশ কয়েক দিন ধরে লক্ষ্মীখোলা পিচের মাথায় পাউবোর প্রায় ৫০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর মধ্যে ঝুঁকিপূর্ণের এক অংশে প্রায় ৫০ ফুট ওয়াপদা ধসে যায়। এ সময়ে পাউবো তার পাশ দিয়ে বিকল্প বাঁধ দেয়। এছাড়া ঝুঁকিপূর্ণ পুরো ওয়াপদার পাশ দিয়ে বিকল্প বাঁধের কাজ শুরু করে পাউবো। কিন্তু জমির মালিকরা বাধা দেওয়ার কারণে বাঁধের নির্মাণকাজ বন্ধ রয়েছে। বর্তমানে ঐ স্থান মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দেখা গেছে, বাঁধের বিভিন্ন অংশে বড় ফাটল ধরেছে। কোথাও কোথাও নদীতে দেবে যাচ্ছে। অতি দ্রুত বিকল্প বাঁধ না দিলে যে কোনো মুহূর্তে ভদ্রা নদীগর্ভে বিলীন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে। আর এতে আমন ফসলসহ অসংখ্য মানুষের বাড়িঘরের অপূরণীয় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে কথা হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, অতি দ্রুত ঝুঁকিপূর্ণ বাঁধের পাশ দিয়ে বিকল্প বেড়িবাঁধের কাজ শুরু করা হবে।