আগ্রহের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহ জুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে অ্যাডভেন্ট ফার্মা। কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে চলে আসায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষস্থানটি দখল করেছে ওষুধ ও রসায়ন খাতের এ প্রতিষ্ঠানটি। শেয়ার দামে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ১৮০ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা। এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহ জুড়ে বেড়েছে ৩০ দশমিক ৮৬ শতাংশ। টাকার অংকে বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৫ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৬ টাকা ৯০ পয়সা। শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি সবশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ ও ২০১৮ সালে ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এদিকে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি সবশেষ চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা মুনাফা হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ২৯ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৫২ দশমিক ৫৯ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৭ দশমিক ৯৮ শতাংশ।