স্যানিটারি প্যাডের ওপর ট্যাক্স কেন?

 ‘পিরিয়ড’ বা ‘রজঃচক্র’ বিষয়টি নারীদেহের একটি গুরুত্বপূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া হলেও এর প্রকাশ্য আলোচনা আধুনিক সমাজে আজো নিষিদ্ধ বলা চলে! ফলে স্যানিটারি প্যাডের মতো নিত্যপণ্যের সুলভ মূল্য নিশ্চিত করতে এখনো নারীসমাজকে বেগ পেতে হয়। প্রতিষ্ঠানভেদে প্যাকেটপ্রতি স্যানিটারি প্যাডের দাম পড়ে ১০০ থেকে ১৬০ বা এরও বেশি। প্যাড তৈরির কাঁচামালের ওপর উচ্চ হারে কর আরোপের ফলে প্যাডের মূল্য পৌঁছে যাচ্ছে প্রান্তিক জনগণের ক্রয়সীমার ঊর্ধ্বে। ফলে পুরনো কাপড়, অস্বাস্থ্যকর তুলা ব্যবহারের কারণে প্রায় ৭৩ শতাংশ নারী পিরিয়ডকেন্দ্রিক বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা, মূত্রনালীর সংক্রমণ ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। পিরিয়ড চলাকালে আরামদায়ক অনুভূতি, জীবাণু থেকে সুরক্ষা এবং সারভিক্স ক্যান্সারসহ ভ্যাজাইনাল ইনফেকশন থেকে নারীকে সুরক্ষার জন্য স্যানিটারি প্যাডের সুলভ মূল্য নিশ্চিতকরণ আবশ্যক। আর এই উদ্যোগটিকে বাস্তবায়ন করার জন্য ট্যাক্স মওকুফ করার পাশাপাশি সরকারি তহবিল থেকে কিছু ভর্তুকি প্রদান করার মাধ্যমে নারীর এগিয়ে চলা আরো সহজতর করে তোলা সম্ভব।

রেহেনুমা সেহেলী কবির

শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান

ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ