মা-ইলিশ রক্ষায় পদ্মা ও মেঘনায় অভিযান

মা-ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া  হয়েছে। জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল নদীর তীরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইঞ্জিনচালিত নৌকাগুলো নৌপুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহূত ইঞ্জিনচালিত তিনটি নৌকা ও ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত এই অভিযানে ১৫ কেজি মা-ইলিশও উদ্ধার করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আখিনুর জাহান নীলা ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ জনের প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেন । অভিযানের সার্বিক দায়িত্বে থাকা লৌহজং উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এ সব তথ্য দিয়ে জানান, নৌপুলিশ ও আনসারের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এদিকে গজারিয়া নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, গজারিয়ার মেঘনা নদীতে  একই সময় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা চলাকালে ডিমওয়ালা মা-ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জের মেঘনা ও পদ্মা নদীসহ পার্শ্ববর্তী নদীগুলোতে অভিযান চালিয়েছে বলে জানান জেলা মত্স্য অফিস।