ঝিনাইদহে করোনার টিকাদান বন্ধ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

মজুত ফুরিয়ে যাওয়ায় ঝিনাইদহ জেলায় করোনার টিকাদান বন্ধ হয়ে গেছে। দূর-দূরান্ত থেকে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে এসে ফিরে যাচ্ছে মানুষ। তবে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে এটা সাময়িক। ঝিনাইদহ সদর হাসপাতাল, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার ছয় উপজেলাতেই বন্ধ রয়েছে টিকা কার্যক্রম। গত বৃহস্পতিবার থেকে জেলা সদর হাসপাতালে ও গত শনিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বন্ধ রয়েছে এ কার্যক্রম।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, এ উপজেলায় ১৮ বছরের বেশি বয়সের লোক সংখ্যা ৩ লাখ। এ পর্যন্ত ১ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকা আসলে বাকিদের দেওয়া শুরু হবে। শনিবার টিকার মজুত ফুরিয়ে যায় বলে তিনি জানান।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ঝিনাইদহ জেলায় ১৪ লাখ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধার্য আছে। এ পর্যন্ত ৫ লাখ মানুষকে কারো এক ডোজ, কারো দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।  বাকি ৯ লাখ মানুষকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।