কথা বলায় দেশের দ্রুততম মানব নিষিদ্ধ

  স্পোর্টস রিপোর্টার

দেশের বর্তমান দ্রুততম মানব ইসমাইল হোসেনকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। তার অপরাধ সে ফেডারেশনের বিপক্ষে কথা বলেছে। আগামী অক্টোবর পর্যন্ত ফেডারেশনের কোনো খেলায় অংশগ্রহণ করতে পারবে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে।’

বাংলাদেশের দ্রুততম মানব ইসমাইল হোসেন এবং দ্রুততম মানবী শিরিন আক্তার। টোকিও অলিম্পিক গেমসে একজন যাবেন। তালিকায় ছিলেন শিরিন, ইসমাইল এবং জহির রায়হান। জহির করোনায় আক্রান্ত হয়ে খেলা থেকে দূরে ছিলেন। শিরিন ও ইসমাইলকে বাদ দিয়ে ফেডারেশন জহিরের নাম পাঠায়। বঞ্চিত হন শিরিন ও ইসমাইল। মন্টু বললেন, ‘ইসমাইল ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন। শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে (ইসমাইল) খুব বাজেভাবে কথা বলেছে। দেশে-বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা তাকে শোকজ করি এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি শাস্তি দিয়েছে। এই কমিটিতে আমিও আছি। প্রশ্ন উঠতে পারে বলে আমি তদন্ত কমিটির সভায় বসতাম না।’

এমনিতেই দেশের অ্যাথলেটিকসের অবস্থা জীর্ণশীর্ণ। কোথায় কোনো সাফল্য নেই। খেলোয়াড় উঠে আসছে না। সার্ভিসেস দলগুলো চেষ্টা করে খেলোয়াড়দের চাকরি দিয়ে তুলে আনার চেষ্টা করছেন। আর এই সংকটের মধ্যে একজন দেশ সেরা খেলোয়াড়কে এক বছরের জন্য অ্যাথলেটিক ট্র্যাক হতে সরিয়ে দিল ফেডারেশন। মন্টু বললেন, ‘কেউ তো আইনের ঊর্ধ্বে না।’

ফেডারেশন সভাপতি আলী কবীর বললেন, ‘অফিশিয়াল দিক থেকে এটি ঠিক আছে। আর যদি মানবিক দিক থেকে দেখা হয় সেটি ঠিক হয়নি। শাস্তি বেশি হয়ে গেছে। এতটা প্রাপ্য নয়। আরো অনেকভাবে তাকে (ইসমাইল হোসেন) বলা যেত। কেউ তো বলতেই পারে আমার যোগ্যতা বেশি ছিল। আমি বঞ্চিত হয়েছি। আসলে বিষয়টা নিয়ে আমাদের জেনারেল সেক্রেটারি খুব এডামেন্ট ছিলেন।’ আগের দিন শনিবার ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর রহমানকে তড়িঘড়ি করে বিকেএসপির শিক্ষার্থীদের সঙ্গে ট্রায়াল দিয়ে বিকালেই ফেডারেশনে সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। ইমরানুর পুনরায় বাংলাদেশে এসে তার নিজের ইভেন্ট ৬০ মিটার স্প্রিন্টের সঙ্গে ১০০ মিটার স্প্রিন্টেও লড়াই করবেন। ইসমাইলকে নিষিদ্ধ করার আগে বিকল্প অ্যাথলেট এনে রাখছে ফেডারেশন।