সিনহা হত্যাকান্ড পঞ্চম দফায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফার প্রথম দিনে আরো ছয় জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম। এর আগে সকাল সাড়ে ৯টায় আলোচিত এ মামলার বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, বেবি বেগম ছাড়াও প্রথম দিনে আরো পাঁচ সেনাকর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এ নিয়ে আলোচিত এ মামলার ২৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এছাড়া গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।