বিএফইউজে নির্বাচন হতে বাধা নেই

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন হতে আইনগত বাধা দূর হয়েছে। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এক প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার এই আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে দেয়। ভোটার তালিকায় নাম না থাকায় এ রিট করেছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। হাইকোর্টের ঐ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী দীপ আজাদ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন।