কাউনিয়ায় দেওয়াল ধসে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের কাউনিয়ায় জরাজীর্ণ একটি ঘরের দেওয়াল ধসে আয়শা সিদ্দিকা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হারাগাছের সারাই ইউনিয়নের খানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ঐ এলাকার স্কুল শিক্ষক নুরুল ইসলামের মেয়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে, দুই মাস ধরে খানবাড়ী এলাকার একটি পুরাতন বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম। রবিবার রাতে ঘরের পার্টিশনের দেওয়ালটি হঠাত্ ধসে পড়ে। এ সময় শিশু আয়শা দেওয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেওয়াল ধসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।