পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সরকার দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে। সরকারি কেনাকাটায় দেশীয় শিল্প যাতে অগ্রাধিকার পায়, সেজন্য পিপিআর রুলস আপডেট করা হবে। গতকাল সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। দেশীয় প্রযুক্তিপণ্য উত্পাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে তিনি ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। সকালে কারখানা কমপ্লেক্সে পৌঁছলে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ এবং পরিচালক সাবিহা জারিন অরনা। ওয়ালটন হাই-টেকের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, তৈরি পোশাক শিল্পের মতো ইলেকট্রনিক্স শিল্প সম্ভাবনাময় রপ্তানি খাত। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সরকারের সে উদ্যোগের সঙ্গে একাত্ম হয়ে ওয়ালটন এসডিজির ৮ ও ৯ নম্বর লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। —প্রেস বিজ্ঞপ্তি