চাকরির নামে ভুয়া বিজ্ঞাপন

শহরের অলিগলিতে চাকরির বিজ্ঞাপন চোখে পড়ে। এসব বিজ্ঞাপনে কিছু লোভনীয় কথা লেখা থাকে।  যেমন দক্ষ বা অদক্ষ কিছু সংখ্যক লোক কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে।  বেতন চোদ্দ থেকে পনেরো হাজার টাকা। থাকা-খাওয়া ফ্রি ইত্যাদি। সরলমনা কিছু মানুষ এমন বিজ্ঞাপন দেখে সেই ঠিকানায় যোগাযোগ করেন। চাকরিদাতাদের পক্ষ থেকে বলা হয়, সার্টিফিকেটের মূল কপি কোম্পানিতে জমা দেওয়ার জন্য। চাকরিপ্রার্থী সার্টিফিকেটগুলো জমা দিলে তারপর থেকেই শুরু হয় তালবাহানা। আজ কাল করে অনেক দিন  ঘোরানোর পর চাকরিপ্রার্থী অসহায় হয়ে সার্টিফিকেটগুলো ফেরত চায়। তখনই এই ভুয়া কোম্পানি দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে সার্টিফিকেটের জন্য  দশ থেকে পনেরো হাজার টাকা দাবি করে। অসহায়, বেকার এই শিক্ষিত চাকরিপ্রার্থী পথ খুঁজে না পেয়ে টাকা দিতে বাধ্য হয়। এমন ঘটনা হরহামেশাই শুনতে পাই। আসুন এসব ভুয়া কোম্পানির ব্যাপারে সজাগ হই।

মিজানুর রহমান

মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর