ইত্তেফাক রিপোর্ট
আগের কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবারও পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৩১৩ দশমিক ৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৭৪৯ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ৫৯১ দশমিক ০৪ পয়েন্টে। ডিএসইতে গতকাল ১ হাজার ৮৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৪ দশমিক ৪৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪৪টির বা ৬৫ দশমিক ০৭ শতাংশের এবং ৩৮টির বা ১০ দশমিক ১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৬০ দশমিক ৮৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ২০৬টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৩ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।