স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হবে আগামী ১৭ অক্টোবর। প্রতিযোগিতা চলাকালীন জৈব সুরক্ষাবলয়ে থাকবে আটটি দল। আজই নির্ধারিত হোটেলে উঠে যাবে দলগুলো। হোটেলে ওঠার আগে রুটিন করোনা ভাইরাস পরীক্ষায় সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল বিসিবির চিকিত্সক মনজুর হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আগামীকাল (আজ) দলগুলো হোটেলে উঠবে। আজ (গতকাল) করোনা পরীক্ষা হয়েছিল সবার। সবাই নেগেটিভ। রুম কোয়ারেন্টাইনে তিন দিন থাকতে হবে—এই সময়েও করোনা পরীক্ষা হবে একবার।’ এবার এনসিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে। গতকাল জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রথম স্তরের খেলা হবে সিলেটে। দ্বিতীয় স্তরের একটি ম্যাচ চট্টগ্রামে, আরেকটি কক্সবাজারে অনুষ্ঠিত হবে। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরের দলগুলো হচ্ছে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ। আনুষ্ঠানিকভাবে এনসিএলের সূচি এখনো ঘোষণা করেনি বিসিবির টুর্নামেন্ট কমিটি। অধিনায়ক মুমিনুল হকসহ বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটাররা অংশ নেবেন এবারের এনসিএলে। নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে অন্তত তিন রাউন্ড খেলবেন সাদমান-এবাদতরা। ফিটনেস ক্যাম্প, ফিটনেস টেস্ট ও স্কিল ক্যাম্পের মাধ্যমে পর্যাপ্ত প্রস্তুতির পরই এনসিএল খেলতে নামছেন ক্রিকেটাররা। করোনার ধাক্কা কাটিয়ে চলতি বছরের শুরুতে মাঠে গড়িয়েছিল এনসিএল। আবার এপ্রিলে করোনার প্রকোপ বাড়ায় দুই রাউন্ড পরই বন্ধ করা হয় প্রথম শ্রেণির ক্রিকেটের এই প্রতিযোগিতা। দুই রাউন্ড দিয়েই এনসিএলের ঐ আসর শেষ হয়ে যায়।