হামলায় দুই নারীসহ আহত ৩
মানিকগঞ্জ প্রতিনিধি ও শিবালয় সংবাদদাতা
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর এক জন আহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্তাসহ তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ডাকাতের নাম আতোয়ার রহমান। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামে। তিনি সুলতান হোসেনের ছেলে। আহত অপর ডাকাত সদস্য লিটন শেখকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন। লিটনের বাড়ি সদর উপজেলার মিতরা গ্রামে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে একদল ডাকাত বকচর গ্রামের অটল চক্রবর্তীর বাড়িতে হানা দেয়। এ সময় তারা অটল চক্রবর্তী, তার স্ত্রী শিপ্রা রানী চক্রবর্তী ও মা গীতা রানি চক্রবর্তীকে হাত-পা বেঁধে মারধর শুরু করে। এরপর ঘরের ভেতরে স্বর্ণালংকার ও মালামাল লুট করার সময় তারা চিত্কার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে দুই ডাকাতকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত তিন জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।