রূপগঞ্জে চাঁদা না পেয়ে হামলা ভাঙচুর, লুট

আহত ৪, গ্রেফতার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সোমবার রাত সাড়ে ১০টায় সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ জেলার  রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ গ্রামের সাবমারসিবলের পানি সরবরাহকারী নুর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, ছুরি, বল্লম, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা তাদের বসত ঘরের দরজা ভেঙে বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করে টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।  এ সময় সন্ত্রাসীরা নুর হোসেন, তার পিতা সিরাজ উদ্দিন, মাতা রাকিমা বেগম ও চাচি সেলিনা বেগমকে কুপিয়ে জখম করে। তাদের  চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নুর হোসেনের ছোট ভাই আলী হোসেন বাদী হয়ে রূপগঞ্জ গ্রামের ১২ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় এজাহার নামীয় আসামি আব্দুল বারেক, আবুল হাসেম ও আবুল কাশেমকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।