তিন দিনে ১৪ সাক্ষীর জবানবন্দি গ্রহণ

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফার সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনে মামলার ১৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও আসামিদের পক্ষে জেরা করা হয়। পাঁচ দফায় এ নিয়ে ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন করতে পেরেছে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য জানান।

পিপি বলেন, আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর ষষ্ঠ দফায় সাক্ষ্যের দিন ধার্য হয়েছে। চাঞ্চল্যকর এই মামলা দ্রুত সম্পন্ন করতে আমাদের প্রচেষ্টা থাকলেও আসামিপক্ষ ব্যাঘাতের চেষ্টা চালাচ্ছে। মামলার দ্বিতীয় আসামি বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী মামলার দ্বিতীয় সাক্ষীকে রি-কলের আবেদন করেছেন ১২ অক্টোবর। এটি মামলার গতিশীল কার্যক্রমকে স্থবির করার প্রচেষ্টা বলে উল্লেখ করেন পিপি।

জানা গেছে, মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রামু সেনানিবাসের ১০ এমপি ইউনিটের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, র?্যাব-১৫-এর এএসআই নজরুল ইসলাম, এসআই সোহেল সিকদার ও পুলিশের কনস্টেবল শুভ পাল। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার এম. নুরুল কবির জানান, প্রতিদিন ১০ জন সাক্ষী উপস্থিত থাকার জন্য সমন দেওয়া হয়েছিল।