হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
গত ৪ অক্টোবর থেকে ২২ দিন নদীতে সরকার সকল প্রকার মাছ শিকার বন্ধ ঘোষণা করায় হাতিয়া উপকূলীয় মেঘনা নদী এখন জনশূন্য। জেলেরা এখন বাড়িতে বসে বেকার সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ এ অবসর সময়ে কাটাছেঁড়া জাল বুনে নিচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে জেলেদের জাল বুনতে দেখা গেছে। উপজেলা মত্স্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, সরকারের ঘোষিত এই ২২ দিন যাতে জেলেরা মাছ শিকার করতে নদীতে না নামে এজন্য আগে থেকে একাধিক সভা-সমাবেশ করে তাদের সচেতন করা হয়েছে। তবে মাছ শিকার বন্ধ থাকায় জেলেদের সরকারি ত্রাণ সাহায্য দেওয়া হচ্ছে।