ময়মনসিংহে ভুয়া এএসপি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে এএসপির ভুয়া পরিচয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসা সোলাইমান কবির (৩৫) নামের একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার রূপসী গ্রামে। জানা যায়, উপজেলার রূপসী গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সোলাইমান কবিরের ফেসবুকে পরিচয় হয়। সোলাইমান কবির নিজেকে ৪০তম বিসিএসের একজন এএসপি পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দিলে ঐ ছাত্রী পরিবারের সাথে কথা বলতে বলেন। প্রতারক সোলাইমান কবির বিয়ের প্রস্তাব নিয়ে ছাত্রীর বাড়িতে আসলে পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তার কাছ থেকে সরকারি বুট, মোবাইল ও মানিব্যাগ উদ্ধারসহ মঙ্গলবার রাতেই মামলা দায়ের করে বুধবার আদালতে প্রেরণ করে।    ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সে আমাদেরও ফাঁকি দিয়ে বাঁচার চেষ্টা করেছে। ভুয়াভাবে এএসপির পরিচয়ে কমপক্ষে ৩৫/৪০ জন মেয়ের সাথে সম্পর্ক রেখেছে।