নিউজিল্যান্ডে ফের বেড়েছে সংক্রমণ

ছয় সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ বেড়ে গেছে। বৃহস্পতিবার এক লাফেই দৈনিক সংক্রমণ অনেকটা বাড়তে দেখা গেছে। নতুন সংক্রমণের সবই অকল্যান্ড শহরে। ফলে আগামী সপ্তাহেই দেশটির সবচেয়ে বড় এই শহরে লকডাউন আরো বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ড

আগামী সোমবার পর্যন্ত কঠোর লকডাউনের আওতায় থাকবে অকল্যান্ডের ১৭ লাখ মানুষ। করোনার ডেলটা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। করোনা মহামারি শুরুর পর যে কয়েকটি দেশ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তার মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ড। কিন্তু দেশটিতে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই পরিস্থিতি কিছুটা খারাপ হতে শুরু করেছে। উপপ্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেন, অকল্যান্ডে সংক্রমণ বাড়ার বিষয়টি অপ্রত্যাশিত নয়। তবে সেখানে খুব দ্রুত গতিতেই সংক্রমণ বাড়ছে। তিনি বলেছেন, বিধিনিষেধ না মেনে বিভিন্ন বাড়িঘরে লোকজনের সমবেত হওয়ার কারণেই এমনটা ঘটছে। নতুন করে দেশটিতে ৭১ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে, যার সবগুলোই অকল্যান্ডে। এক দিন আগেই এই সংখ্যা ছিল ৫৫।