পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা ও শেরপুরের নকলায় বুধবার সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতারা জানান :

আনোয়ারা (চট্টগ্রাম): আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের বৈরাগ গ্রামে সন্ধ্যা ৬টার দিকে ডোবায় পড়ে এক শিশুর প্রাণ গেছে। আফিয়া সুলতানা (৩) নামের ঐ শিশুটি স্থানীয় কুলাল পাড়ার প্রবাসী আবু সিদ্দিকের মেয়ে। ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুসা তালুকদার বলেন, আফিয়া খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিত্সকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

নকলা (শেরপুর): নকলায় পুকুরে ডুবে নয়ন মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সন্ধ্যায় উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নয়ন মিয়া ধনাকুশা নতুন বাজার এলাকার ব্যবসায়ী জলিল মিয়ার ছেলে। সে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির ভাসমান লাশ দেখতে পায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।