ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ধর্ম যার যার, উত্সব সবার। হিন্দু-মুসলিম ভাই ভাই আমরা সবাই উন্নয়ন চাই। ৭১এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু-মুসলিম এক সাথে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে দেশের উন্নয়ন করব, মাদকমুক্ত সমাজ গড়ব। যার ধর্ম সেই পালন করলেও সবাই মিলে উত্সব করব ও দেশ গড়ব। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন ও নিজ তহবিল থেকে পূজামণ্ডপে অনুদান প্রদান করেন। সদরপুর বাজার সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এক পথ সভায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানূর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির বেপারী, সদরপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সদরপুর বাজার সর্বজনীন পূজামণ্ডপের সভাপতি সত্যজিত্ কুমার দে, সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র দাসসহ বিভিন্ন নেতাকর্মী।