মদনে নদীতে চটা জালে মাছ শিকার

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদন উপজেলার বর্ণী নদীতে চটা জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করার অভিযোগ উঠেছে। নদীর মাঝামাঝিতে জাল ফেলে মাছ শিকার করায় পণ্যবাহী নৌকা যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বর্ণী নদীর মদন অংশে ও পাশের উপজেলা তাড়াইল অংশে বেশ কয়েকটি স্থানে চটাবেড় ও নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ শিকারের দৃশ্য। মত্স্যজীবী নারায়ণ বর্মণ, সুনীল বর্মণ জানান, মগড়া নদীসহ এলাকায় প্রতিটি উন্মুক্ত জলাশয়ে প্রভাবশালীরা জাল ও গাছের ডাল ফেলে কাটা দেওয়ায় এখন আমাদের জাল ফেলে মাছ ধরার কোনো সুযোগ নেই। মাছ ধরতে গেলে অপমান অপদস্ত হতে হয়। তাই আমরা অন্য পেশা খুঁজছি। বালু-পাথর ব্যবসায়ী আব্দুল গণি মিয়া জানান, সিলেট সুনামগঞ্জ থেকে এ নদীপথ দিয়ে মদন উপজেলা, আটপাড়া, কেন্দুয়া ও নেত্রকোনা সদরে মালামাল নিয়ে আসার একমাত্র রাস্তা এটি। কিন্তু দীর্ঘদিন ধরে এ নৌপথে শতাধিক জাল ও গাছের ডাল ফেলে কাটা দেওয়ায় নৌকা নিয়ে যাতায়াত করা যায় না। নৌকায় লেগে জাল ক্ষতি হলে মোটা অঙ্কের টাকা দিতে হয় এমনকি তাদের মাধ্যমে অপদস্তও হতে হয়।

এ প্রসঙ্গে উপজেলা মত্স্য কর্মকর্তা গোলাম মোস্তফা (চ.দা.) জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।