হাজীগঞ্জে তিন জনের দাফন সমপন্ন

গত বুধবার রাতে হাজীগঞ্জ বাজারে পূজামণ্ডব ভাঙচুর ও সংঘর্ষে নিহত তিন জনের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আমিন মিয়া চেয়ারম্যান বাড়ির আব্বাস মিয়ার ছেলে শামীম হোসেন (১৯), একই গ্রামের সেকান্দার আলী বেপারী বাড়ির ফজলুল হকের ছেলে ইয়াসিন হোসেন হূদয় (১৪) ও হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর পূর্ব বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রায়চৌ গ্রামের মো. আল আমিন হোসেন।

শামীমের জানাজা হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে বালুর মাঠে, হূদয়কে রান্ধুনীমুড়া চৌধুরীবাড়ির সম্মুখে ও আল আমিনের জানাজা হয় সাবেক শুকু কমিশনারের বাড়ির সামনে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে। এখন পর্যন্ত হাজীগঞ্জে সাত জন, কুমিল্লায় ৪৩ জনসহ চট্টগ্রাম রেঞ্জে ৭৩ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, পূজামণ্ডপ ভাঙচুর ও সংঘর্ষে নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।