ইত্তেফাক ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে সুজন ফকির নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা কারা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৮টার দিকে ফতুল্লার নয়াবাজার মুসলিমনগর এলাকায়। নিহত সুজন নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ী এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। তিনি ফতুল্লার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
নিহত সুজন একসময় গার্মেন্টেসে কাজ করতেন। গত শুক্রবার সকাল থেকে অটোরিকশা চালানো শুরু করেন। গতকাল সকাল ৭টার দিকে একটি ফোন পেয়ে বাসা থেকে বের হন সুজন। তবে গ্যারেজ থেকে রিকশা বের করেননি। একটি গাড়িতে সুজনসহ তিন জন আসেন নয়াবাজার মুসলিমনগর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন জন মিলে সুজনকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে এনে খুন করা হয়েছে। ঘাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, কালীগঞ্জে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা শেষে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) এই ঘটনা ঘটে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করলেও নাম জানা যায়নি। অজ্ঞাত ঐ যুবকের বয়স আনুমানিক ৩৫। তার পরনে লাল রঙের চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল। গলা কাটা এবং ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এসআই জাকির জানান, ধারণা করা হচ্ছে, অটোরিকশার আরোহীই চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়েছে।