বৈষম্য নিয়ে চটেছেন ভূমি

 বিনোদন ডেস্ক

 

শিগগিরই ‘রক্ষা বন্ধন’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে পর্দায় হাজির হবেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। এছাড়া তার হাতে রয়েছে ‘বাধাই দো’সহ বেশ কয়েকটি সিনেমা। তবে সিনেমার খবরের বাইরে এবার চলচ্চিত্র পুরস্কারে নারী-পুরুষ বৈষম্য নিয়ে মন্তব্য করে আলোচনায় এলেন তিনি। তার মতে, সকল পুরস্কার প্রদান উত্সবে লিঙ্গ নিরপেক্ষ ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা উচিত। লিঙ্গ বৈষম্য দূর করার এখনই উপযুক্ত সময়। ভূমি পেডনেকার বলেন, ‘আমরা সর্বদাই নারী পুরুষ সমতা নিয়ে কথা বলি, কিন্তু কাজের ক্ষেত্রে তার প্রতিফলন খুব কমই দেখা যায়। তবে আমরা যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করি তাহলে পুরস্কার প্রদানে লিঙ্গ নিরপেক্ষতা রক্ষা করতে পারব। একজন শিল্পীর কাজকে লিঙ্গ দিয়ে বিচার করা উচিত না।’ যদিও বছরের শুরুর দিকে টেলিভিশন একাডেমি পরিচালনা পর্ষদ তাদের পুরস্কার ক্যাটাগরিতে লিঙ্গ নিরপেক্ষতার বিষয়টি যুক্ত করেছিল। তবে ভারতীয় পুরস্কার প্রদানে এ যথাযথ প্রয়োগ না হওয়া নিয়ে ক্ষুব্ধ ভূমি বলেন, ‘আমরা এখন একটি গণ্ডিতে আবদ্ধ নই। তাই আমি মনে করি, এই বিষয়টি মেনে চললে আমরা সারাবিশ্বেই নিজেদের প্রকাশ করতে পারি। এখনই সময় এই দেয়ালগুলো ভেঙে ফেলে প্রকৃত প্রতিভাকে মূল্যায়ন করার।’