কাশ্মীরে ভারতীয় বাহিনীর চিরুনি অভিযান

জম্মু-কাশ্মীরে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় বাহিনী। উপত্যকার পুঞ্চ জেলায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ইতিমধ্যেই সেনা কর্মকর্তাসহ কয়েক জন জওয়ানের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

প্রথমে পাঁচ এবং পরে আরো দুই জওয়ানের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় বাহিনী। শুক্রবার বিক্রম সিংহ নেগি ও যোগাম্বর সিংহ নামে দুই জওয়ানের মৃত্যুর খবর জানানো হয়। এর আগে বৃহস্পতিবার জানানো হয়েছিল, জঙ্গলের মধ্যে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে লড়াইরত বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির সময় দুই জওয়ান আহত হয়েছে। তারা নিখোঁজ ছিলেন বলে জানানো হয়েছিল। গতকাল কর্মকর্তারা নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে এক জন জুনিয়র কমিশন্ড অফিসার।

শনিবার থেকে আহত দুই জওয়ানের সন্ধানে নতুন করে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। তবে মেন্ধার সাবডিভিশন এলাকার জঙ্গলে এখনো বিদ্রোহীরা লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করে ভারতীয় সেনারা। তাই খুব সাবধানে পা ফেলতে হয় তাদের। এ ধরনের অভিযান সাধারণত এত দীর্ঘ সময় ধরে চালানো হয় না। কিন্তু এক্ষেত্রে প্রায় ছয় দিন ধরে নানা পথে অভিযান চালায় ভারতীয় বাহিনী। জঙ্গলে নিহতদের মৃতদেহ আনতেও সতর্কতার সঙ্গে এগোয় সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেনাবাহিনীর। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ১৪ অক্টোবর নার খাস জঙ্গল এবং মেন্ধার সাবডিভিশন ও পুঞ্চ জেলায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। তবে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার পুঞ্চ জেলায় অভিযান লস্কর-ই-তৈয়বা কমান্ডার উমর মুস্তাক খান্ডেসহ দুই সন্ত্রাসী যৌথ অভিযানে নিহত হয়েছে। কাশ্মীরের শীর্ষ ১০ সন্ত্রাসীর মধ্যে উমর মুস্তাক এক জন। পুলিশ জানিয়েছে, শ্রীনগরে দুই পুলিশ নিহতের ঘটনায় অভিযানে নিহত এক সন্ত্রাসী জড়িত রয়েছে।