রূপনগর কি চিরকাল নোংরা হয়েই থাকবে?

ঢাকার রূপনগর আবাসিক এলাকার খাল পরিষ্কার করে দুই তীরে বকুল, শেফালি, মেহগনি ও কামিনীসহ বিভিন্ন গাছ লাগানোর দাবি বহুদিনের। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হলো না। খালপাড়ের রাস্তাটিও করা হলো না পাকা। খালের দুই তীরে বিকেলে ভ্রমণ করতে এসে বেঞ্চে বসার সুযোগ পাওয়া যাবে—আজ পর্যন্ত বেঞ্চও স্থাপন করা হলো না। কবেই বা খালে বেড়ানোর জন্য ছোট ছোট নৌকো চালু করা হবে? খালের পাড় আর রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রাস্তা দখল করে যাঁরা আবারও দোকান ও বসতি স্থাপন করেছেন, তাঁদের উচ্ছেদে নেই অভিযান। রূপনগরের রাস্তা ও খালে আবর্জনা ফেলা হচ্ছে দেদার—সবাই যেন স্বাধীন, যা খুশি তাই করছে। রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখা—এ যেন চিরকালের চিত্র! ঢাকার রূপনগর আবাসিক এলাকা কি নোংরা এলাকা হয়েই থাকবে? আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিসত্বর রূপনগর আবাসিক এলাকার খালটির চারপাশ সৌন্দর্যময় করে গড়ে তুলবেন।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা