কিশোরগঞ্জের কটিয়াদীতে এখন শব্দদূষণে নাকাল জনজীবন। প্রশাসনের নজরদারি না থাকায় মাইকিং, গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশার হর্ন যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে! শব্দদূষণের মারাত্মক ক্ষতিকর এ প্রভাবে শিশু-কিশোর, সব বয়সের মানুষ হারাচ্ছে শ্রবণশক্তি এবং নানা রকম মানসিক, শারীরিক রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা হারাচ্ছে স্মৃতিশক্তি। অটোরিকশায় প্যাডেল ও বেল ব্যবহার না করে ব্যবহূত হচ্ছে উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন। এতে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকার রাস্তায় এর মারাত্মক প্রভাব পড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, সভা সমাবেশের প্রচারে উচ্চশব্দের মাইকিং প্রতিকারে কোনো পদক্ষেপ নেই। মাত্রাতিরিক্ত শব্দদূষণে শিশুদের মেধাবিকাশ বাধাগ্রস্ত, লেখাপড়ায় অমনোযোগ, কানে কম শোনা, অসুস্থ ও বৃদ্ধদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হওয়াসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। এজন্য শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মিয়া মোহাম্মদ ছিদ্দিক
কটিয়াদী, কিশোরগঞ্জ