রাজধানীর সবুজবাগ থানার কদমতলা এলাকায় শ্রাবণী জামান নিপা (৩৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবিনা আউয়াল বলেন, খবর পেয়ে কদমতলায় তার বাসায় গিয়ে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, তার সাত বছরের ছেলে ও তার এক ভাতিজিকে নিয়ে এ বাসায় থাকতেন। বাসার পাশে তার কাপড়ের দোকান আছে। স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসআই রুবিনা আরো বলেন, তার বাড়ি বরিশালের মুলাদী থানার ব্রজমোহন গ্রামে। তিনি ঐ এলাকার মৃত আনিসুজ্জামানের মেয়ে। নিহতের ভাই মাশুকের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার বোন এমনিতেই মারা গেছে। কোনো সমস্যা নেই। কেন তিনি গলায় ফাঁস দিয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আপনাদের কিছু বলতে চাচ্ছি না।