মালিঙ্গাকে টপকে চূড়ায় সাকিব

স্পোর্টস রিপোর্টার

আইপিএলে বল হাতে সময়টা ভালো যাচ্ছিল সাকিব আল হাসানের। পাঁচ ম্যাচে পেয়েছিলেন মাত্র দুই উইকেট। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পারফরম্যান্স প্রভাব ফেলেনি সাকিবের বোলিংয়ে। গতকাল সেটাই প্রমাণ করলেন এ বাঁ-হাতি স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই আবারও বল হাতে ঘূর্ণি জাদু নিয়ে হাজির সাকিব।

গতকাল ওমানে নতুন ইতিহাস গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে টপকে ক্রিকেটের খুদে সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন সাকিব। অনন্য এ রেকর্ডের মালিক এখন তিনি। গতকাল নিজের তিন ওভার শেষে ৯ রানে দুই উইকেট পান তিনি। তাতেই গড়েছেন রেকর্ড।

মালিঙ্গার (১০৭) চেয়ে এক উইকেট দূরে থেকে গতকাল ম্যাচটা খেলতে নেমেছিলেন সাকিব (১০৬)। ইনিংসের ১১তম ওভারেই নিজের উইকেট সংখ্যা ১০৮-এ উন্নীত করেন বাঁ-হাতি এ অলরাউন্ডার। গতকাল কাউন্টি খেলা ক্রিকেটারে ঠাসা স্কটল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রস্তুতি ম্যাচগুলোতে প্রচুর ডটবল খেলে সমালোচনার মুখে পড়া নাঈম শেখকে ছাড়াই একাদশ গড়ে বাংলাদেশ। আবার ঐ দুই ম্যাচে সৌম্যর রান পাওয়াও নাঈমকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে টিম ম্যানেজমেন্টকে। লিটন-সৌম্যর ওপেনিং জুটিতেই আস্থা রাখে বাংলাদেশ। ডিউ ফ্যাক্টর বিবেচনায় একাদশে রাখা হয় তিন পেসার। সাকিব থাকায় দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে জায়গা হয়নি নাসুম আহমেদের।

তাসকিন, মুস্তাফিজ, সাইফউদ্দিন—তিন পেসারের আঁটোসাঁটো বোলিংয়ে গতকাল বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। পাওয়ার প্লেতে স্কটিশরা তুলেছিল এক উইকেটে ৩৯ রান। তৃতীয় ওভারেই সাইফউদ্দিন ইয়র্কারে বোল্ড করেন কোয়েটজারকে। অষ্টম ওভারে বাংলাদেশের হয়ে জোড়া আঘাত হানেন অফস্পিনার মেহেদী হাসান। দ্বিতীয় বলে ম্যাথু ক্রসকে বোল্ড করেন তিনি। দুই বল পরই ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠা জর্জ মানসিকে বোল্ড করেন মেহেদী।

ঠিক পরের ওভারেই উইকেট পেতে পারত বাংলাদেশ। সাকিবের দ্বিতীয় বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলেছিলেন ম্যাকলিওড; কিন্তু ক্যাচ তালুবন্দি করতে পারেননি ফিল্ডার তাসকিন।

উইকেটের অপেক্ষা বড় হয়নি সাকিবের। নিজের তৃতীয় ও ইনিংসের ১১তম ওভারে তার ১০৭তম টি-২০ শিকারে পরিণত হন রিচি বেরিংটন। লং অনে দুর্দান্ত ক্যাচ নেন আফিফ হোসেন। এর মাধ্যমেই টি-২০ ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি মালিঙ্গাকে স্পর্শ করেন সাকিব। এক বল পরই লিস্কও লং অফে লিটন দাসের হাতে ক্যাচ দেন। তাতেই মালিঙ্গাকে টপকে টি-২০র সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডটা নিজের করে নেন তিনি।

টি-২০ বিশ্বকাপ ২০২১-এর প্রথম

n    প্রথম বল               বিলাল খান, ওমান।

n    প্রথম রান              চার্লস আমিনি, পাপুয়া নিউগিনি।

n    প্রথম উইকেট শিকারি বিলাল খান।

n    প্রথম চার              চার্লস আমিনি।

n    প্রথম  ছয়              চার্লস আমিনি।

n    প্রথম ফিফটি           আসাদ ভালা, পাপুয়া নিউগিনি।