পাগলা নদী থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে পাগলা নদীর পাড় থেকে মো. ফয়সল নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাজার লঞ্চঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। সে বড়াইল ইউনিয়নের চর গোসাইপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে। এ বিষয়ে নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাঠালিয়ায় তালের চারা বিতরণ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের মধ্যে তালচারা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠিত
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা মানিকছড়ি উপজেলার ডলু ডিপি পাড়া এলাকায় সোমবার আমন ধান প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা সালাউদ্দিন কাউসার আফরাদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া, কৃষক লীগ নেতা মো.শাহ আলম প্রমুখ।
আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উপস্থিত বক্তৃতা ও আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাস। উপস্থিত ছিলেন ঐ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান প্রমুখ।
জেন্ডারভিত্তিক সহিংসতাবিষয়ক কর্মশালা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রাম পৌরসভায় বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেন্ডার বিশেষজ্ঞ রোকসানা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া প্রমুখ।
আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হোসনে আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ। পরে চিত্রাঙ্কন, কুইস প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে কাহারোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার আমতলা মোড়ে বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ ও সাধারণ সম্পাদক সুকুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হূদয় চন্দ্র রায় প্রমুখ।
০