গত তিন আসরেই আইসিসি টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে খেলছে বাংলাদেশ। আইসিসি সহযোগী দেশগুলোর সঙ্গে লড়াইয়ে গ্রুপ পর্বে এবারও সহজে পার পাওয়ার আশা করেছিল টাইগাররা; কিন্তু সমীকরণ পালটে দেয় স্কটল্যান্ড। গত রবিবার রাতে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়ে লড়াই জমিয়ে দিয়েছে স্কটিশরা।
দেওয়ালে পিঠ ঠেকে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এখন সাকিব-মুশফিকরা। প্রথম রাউন্ডের শেষ দুইটি ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির সামনে। গতকাল হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, আগের ম্যাচের হার ভুলে সামনে এগিয়ে যেতে চায় তার শিষ্যরা। ওমানকে সমীহ করলেও প্রোটিয়া এ কোচের মতে, সেরা ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের।
আজ আল-আমিরাত স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
জয়ে বিশ্বকাপ শুরু করা ওমানের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না মনে করেন ডমিঙ্গো। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হেড কোচ বলেছেন, ‘ওমান ভালো খেলছে। তারা পরের রাউন্ডে যেতে চায়। এটা আমাদের জন্য কঠিন হবে; কিন্তু ছেলেরা জানে যদি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, আমাদের ভালো সুযোগ রয়েছে।’ ডমিঙ্গো বলছেন, নিজেদের পারফরম্যান্সের দিকেই নজর দিতে হবে আগে। তিনি বলেন, ‘ওমানকে আমাদের সম্মান জানাতে হবে। তারা আত্মবিশ্বাসী, ঘরের মাঠে খেলছে। তারা দারুণ জয় নিয়ে আসছে; কিন্তু আমরা তাদেরকে ফোকাস করতে পারব না। আমাদের ফোকাস করতে হবে নিজেদের পারফরম্যান্স, স্কিল ও লক্ষ্যের প্রতি।’ গত বিশ্বকাপেও ওমানকে হারিয়েছিল বাংলাদেশ।
স্কটল্যান্ডকে হালকাভাবে দেখা হয়নি উল্লেখ করে ডমিঙ্গো বলেছেন, ‘কোচ হিসেবে আপনাকে পরের ম্যাচে ফোকাস করতে হবে। এবং আগের দিনের ভুলগুলো আগামীকাল (আজ) হতে দেওয়া যাবে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যা হবার হয়ে গেছে। আমরা স্কটল্যান্ডকে হালকাভাবে নেই নি।’
পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ওমান। দারুণ সূচনার পর বাংলাদেশকেও হারাতে আত্মবিশ্বাসী দলটি। গতকাল সংবাদ সম্মেলনে ওমানের ওপেনার কাওয়ার আলী বলেছেন, ‘প্রথম জয়টা বাড়তি প্রেরণা হবে আমাদের। আমরা দল হিসেবে বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী। আমাদের তিন বিভাগেই ভালো করতে হবে।’ বাংলাদেশের দুর্বলতা সম্পর্কে ওমানের এ ক্রিকেটার বলেছেন, ‘রান তাড়া করার সময় তাদেরকে দুর্বল মনে হয়। আমরা এটাতেই ফোকাস করব।’