সোমবার ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। এই প্রথমবার জাতীয়ভাবে উদ্্যাপিত হলো দিনটি। রাজধানীতে ছিল শেখ রাসেলকে নিবেদিত নানা আয়োজন। শিশু-কিশোররা রং-তুলির আঁচড়ে রাঙিয়েছে ক্যানভাস। সন্ধ্যায় গানের সুরে, নাচে, কবিতায় শিল্পীরা ভালোবাসা জানিয়েছে রাসেলের প্রতি। ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে দিনব্যাপী বৈচিত্র্যময় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সকালে শিল্পকলা একাডেমিতে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারিতে ঢাকা মহানগর অঞ্চলের শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে আলোচনা পর্ব শেষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে সনদপত্র, বই ও কালার বক্স প্রদান করা হয়। পাঁচ থেকে আট বছরে খুদে শিল্পীদের নিয়ে গড়া ‘ক’ গ্রুপে বিজয়ী হয়েছেন সুয়াইদ তাজওয়ার, আরিফা রহমান আকাশী ও মো. সাইফুল্লাহ সিয়াম। ৯ থেকে ১২ বছরের প্রতিযোগীদের নিয়ে গড়া ‘খ’ গ্রুপে বিজয়ী হয়েছেন আনিশা সান্তনি, নূর তাজ চেতনা ও উজ্জয়িনী দাস। ১৩ থেকে ১৮ বছর বয়সিদের ‘গ’ গ্রুপে বিজয়ী হয়েছেন জায়না আলম পিয়া, মুনতাকা ইসলাম ও সানজিদা তাবাচ্ছুম।
সন্ধ্যা জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান। শিশু বক্তাদের মধ্যে আলোচনায় অংশ নেন পুস্পিতা বেপারী, তৃদীব সরকার ও তাহফীম যুনাইরা আনশি।
শিশু শিল্পীদের বহুমাত্রিক পরিবেশনায় সজ্জিত ছিল সাংস্কৃতিক পর্বটি। শিল্পকলা একাডেমির শিশু সংগীত দল ও নৃত্য দলের সমবেত সংগীত ও সমবেত নৃত্যের আশ্রয়ে এ পর্বের সূচনা হয়। গীতিকার রনক রায়হান এবং ইবনে রাজনের সুর ও সংগীত পরিচালনা ‘শুভ জন্মদিন শুভ জন্মদিন’ গানের সুরে ইয়াসমিন আলীর কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশ করেন স্পন্দন। নৃত্য পরিচালনায় ছিলেন অনিক বোস। একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় ছিল ক্যাপ ডান্স, দিয়াবো ব্যালেন্স, সাইকেল ব্যালেন্স, রিংডান্স, হাঁড়ি ও লাঠি ব্যালেন্স, ল্যাডার ব্যালেন্স। ‘শুভ শুভ জন্মদিন শেখ রাসেলের জন্মদিন’ শীর্ষক সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী বিপ্রজিত্ সরকার। সমির বাউলের কথা ও সুরে ‘শেখ রাসেলকে নিয়ে তোমরা গাইছো গান’ পরিবেশন করেন বাউল শিল্পী আবির। ‘রাসেল আমাদের বাংলাদেশ’ শিরোনামের সংগীত পরিবেশন করেন লিউনা তাসনিম সাম্য। ‘আমি এখনো দেখি শেখ রাসেলের কান্না’ শীর্ষক সংগীত পরিবেশন করেন তৌকি ইয়াসির আয়মান। ‘বঙ্গমাতার কোলে ছোট্ট শিশু’ শীর্ষক সংগীত পরিবেশন করেন শিল্পী তানজীম বিন তাজ প্রত্যায়। কবিতা আবৃত্তি করেন নুসাইবা হাসিন অংকন ও তামিম আহমেদ বৃন্ত।