এফ আর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আগামী ১৫ নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন গতকাল সোমবার এই আদেশ দেন। মামলার অভিযুক্ত অপর তিন আসামি হলেন, এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান।
এর আগে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। অপরদিকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তারা আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়।
নকশা জালিয়াতির মাধ্যমে বনানীর এফ আর টাওয়ার নামক ভবনটিতে কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে ২০১৯ সালের ২৫ জুন হুমায়ুন খাদেমসহ পাঁচ জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক।