মঞ্চে আসছে ‘অ্যানা ফ্যাঙ্ক’

 বিনোদন রিপোর্ট

 

ঐতিহাসিক চরিত্র অ্যানা ফ্রাঙ্ককে নিয়ে নির্মিত ম্যাড থেটারের তৃতীয় প্রযোজনা ‘অ্যানা ফ্রাঙ্ক’ একক নাটক হিসেবে ইতিহাসে প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটিতে আর্য মেঘদূত এককভাবে অভিনয় করবেন। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আসাদুল ইসলাম এবং নির্দেশনায় আছেন কাজী আনিসুল হক বরুণ। আগামী ২২ ও ২৩ অক্টোবর নাটকটির উদ্বোধনী আয়োজন হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই দু’দিন সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নেয় একটি গোপন কুঠুরি সিক্রেট অ্যানেক্সে। সেখানে তারা ৭৬১ দিন অতিবাহিত করার পর ধরা পড়ে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে। তারপর নেমে আসে করুণ জীবনের হাহাকার। সিক্রেট অ্যানেক্সের বন্দি জীবনের রুদ্ধশ্বাস দিনগুলোতে অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলে যুদ্ধের বারুদমাখা ধূসরতা, তার মানসিক বেদনার রঙ, ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার রংধনু। অ্যানা ফ্রাঙ্কের সেই ডায়েরি অবলম্বনেই রচিত হয়েছে ম্যাড থেটারের ‘আনা ফ্রাঙ্ক’ নাটকটি।

প্রসঙ্গত, ২ দিনব্যাপী এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মঞ্চসারথী আতাউর রহমান প্রমুখ।