মির্জাপুরে পতিত জমিতে সামাজিক বনায়ন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদাদতা

মির্জাপুরে বন বিভাগের পতিত জমিতে সামাজিক বনায়ন করে স্বাবলম্বী হয়েছেন প্রায় পাঁচ হাজার পরিবার। এতে একদিকে যেমন পরিবেশের ভারস্যাম্য রক্ষা হচ্ছে, অপরদিকে স্বাবলম্বী হচ্ছেন অসহায় মানুষ। অপরদিকে সরকার প্রতিবছর পাচ্ছে বিপুল অংকের রাজস্ব। হেলাল, কলিম, নবীরসহ একাধিক উপকারভোগী জানান, সামাজিক বনায়ন করার ফলে তারা উপকার পাচ্ছেন। অন্যের বাড়িতে বা দিন মজুরির কাজ করতে হয় না।

বাঁশতৈল রেঞ্চ অফিসের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, বনের পতিত জমিতে সরকারি নির্দেশনায় ও এলাকার অসহায় দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষে সামাজিক বনায়ন করা হয়েছে। কুড়িপাড়া বিট অফিস, হাঁটুভাঙ্গা বিট অফিস, পাথরঘাটা বিট অফিস, বাঁশতৈল সদর বিট অফিস, বংশীনগর বিট অফিস এবং নলুয়া বিট এলাকায় প্রায় ৩০ হেক্টর পতিত জমিতে সামাজিক বনায়ন করা হয়েছে।

বিভাগীয় বন সংরক্ষক ড. মো. জহিরুল ইসলাম বলেন, বন বিভাগের পতিত জমিতে অংশিদারিত্বের ভিত্তিতে অসহায়দের মাঝে প্লট দেওয়া হয়। এর ফলে সরকার রাজস্ব পাচ্ছে। সবুজ বনায়নের লক্ষে তাদের এ কার্যক্রম আরও বাড়ানো হচ্ছে।