ইত্তেফাক ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা জানান:
নাটোর : নাটোরে সোমবার রাত ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। তারা হলেন, সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের মোহম্মদ তারেক ও রকিবুল ইসলাম। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক চাপায় কফিল উদ্দিন (৪০) নামের এক পথচারীর প্রাণ গেছে। মুক্তাগাছা-দাপুনিয়া সড়কের পয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কফিলউদ্দিন কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। মুক্তাগাছা থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ট্রাক চালক পালিয়ে গেছে। থানায় ইউডি মামলা হয়েছে।