সড়কের পাশে ডোবা

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালীয়া অংশে প্রতিদিন শত শত বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করে। এই জাঙ্গালীয়া এলাকায় কুমিল্লামুখী সড়কের পাশজুড়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি ডোবা পথচারীসহ যানবাহনের চালকদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে ডোবায় পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কারো মাথাব্যথা নেই।

সড়কটির পশ্চিম পাশে কিছু অংশে ড্রেন থাকলেও স্থানটিতে ড্রেনের কাজ অসমাপ্ত রয়ে গেছে। জায়গাটি কিছুটা নিচু হওয়ায় পানি জমে সৃষ্টি হয়েছে ডোবা। দিনে দিনে ডোবাটি বড় হলেও সংশ্লিষ্ট কারোরই দৃষ্টিগোচর হয়নি। বৃষ্টির পানিতে ভেসে কখনোবা অসচেতন নগরবাসীর সরাসরি ফেলে দেওয়া উচ্ছিষ্ট বা পরিত্যক্ত নানা জিনিসের আশ্রয় মেলে এই ডোবায়। একসময় সেগুলো পচে-গলে একাকার হয়ে দুর্গন্ধ ছড়ায়। তখন পথচারী ও যানবাহনের চালকদের দুর্ভোগের শেষ থাকে না। এ অবস্থায়, দ্রুত আবর্জনায় পরিপূর্ণ ডোবাটি ভরাট করে পথচারীসহ যানবাহন চালকদের  নিরাপত্তা নিশ্চিত করা হোক।

মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা