শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলার পূর্ব সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রাম থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ শুক্রবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঐ গ্রাম থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ভোলা নদী সাঁতরে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়। শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারা স্থানীয় বনসুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে টিমের সদস্যরা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে। শুক্রবার সকালে প্রায় ২০ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটিকে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে।