‘রাবণ’ হয়ে আসছেন জিত্

 

ক’দিন আগেই মুক্তি পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিতের নতুন সিনেমা ‘বাজি’। সিনেমাটি কলকাতায় মুক্তির পর বাংলাদেশেও সাফটা চুক্তির মাধ্যমে সর্বাধিক হলে মুক্তি দেওয়া হয়। তবে এবার সেই আলোচনাকে পেছনে ফেলে নতুন সিনেমার প্রথম লুকেই চমকে দিলেন সবাইকে। জানা গেছে, এবার রাবণ চরিত্রে আসছেন তিনি। গত বৃহস্পতিবার ‘রাবণ’ শিরোনামের এই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এমএন রাজ পরিচালিত এই সিনেমাটির পোস্টার মহরতে প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকের মনে জেগেছে নানা কৌতুহল। লাল চোখ, ভ্রুর মাঝে কাটা দাগ, কুটিল হাসি, সব মিলিয়ে একেবারে নতুন লুকে দেখা গেছে এই অভিনেতাকে।

উল্লেখ্য, ‘রাবণ’ সিনেমায় জিত্ ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। এমএন রাজের পরিচালনা এবং জিত্, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় নির্মিত হচ্ছে এই অ্যাকশনধর্মী সিনেমাটি।