কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত, কবি ও সাহিত্যিক প্রফেসর জোহরা আনিস (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার কুমিল্লা ট্রমা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রত্নগর্ভা মা প্রফেসর জোহরা আনিসের ছেলে চিকিত্সক আরিফ মোর্শেদ খান জানান, তার মাকে গত বুধবার রাত ১০টায় সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। ব্রেইন স্ট্রোক করে পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন জোহরা। শিক্ষা প্রসার, সামাজিক অগ্রগতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় একজন নারী হিসেবে অসামান্য অবদান রেখেছেন জোহরা। নারীর ক্ষমতায়নের জন্য ২০১৮ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে প্রফেসর জোহরা আনিসের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জানাজা শুক্রবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লা টাউন হল ময়দানে এবং দ্বিতীয় জানাজা বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়, পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
০