এই সময়ের ছড়া
মুস্তাফা মাসুদ
সাম্প্রদায়িক গোখরোগুলো গর্ত থেকে বের হয়ে
হিস হিস হিস মারছে ছোবল—ক্যাম্নে থাকি নির্ভয়ে!
ধর্ম নিয়ে খেলছে ওরা সর্বনাশা এই খেলা
কঠোর হাতে শক্ত হাতে বন্ধ করুন এই বেলা।
ধর্ম শেখায় মানবতা ভালোবাসা সম্প্রীতি;
তাকে নিয়েই ইবলিসেরা করছে কুটিল রাজনীতি!
ঐ ব্যাটাদের আগে ধরুন ভাঙুন সব বিষদাঁত,
তারই সাথে নাটগুরুদের ভাঙতে হবে কালোহাত।
তা নাহলে ভেঙে যাবে এই সমাজের সংহতি,
ওদের হাতেই আসবে নেমে মানবতার দুর্গতি।
স্বাধীন দেশে কেউ কী এমন চাই?
না না না—কেউ চাই না সাম্প্রদায়িক ভেদ-বিভেদ,
সবার মনের গহিন থেকে যাক ধুয়ে সব কলুষ-ক্লেদ।