সেরা শিশু শিক্ষার্থী প্রীতম নাথ

 ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আয়োজিত হাতের লেখা, ছড়া, গান, চিত্রাঙ্কন প্রতিযোগীতায় সেরা পারফরমেন্সের জন্য জাতীয়ভাবে সেরা শিশু শিক্ষার্থীর (ছেলে) পুরস্কার পেয়েছে সিলেট দক্ষিণ সুরমার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রীতম নাথ। গত ১৮ অক্টোবর  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি’র হাত থেকে পুরস্কার হিসাবে ক্রেস্ট গ্রহণ করে প্রীতম।

প্রীতম তার পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে বলে, এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত এবং উজ্জীবিত। সে ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি এ ধরণের সৃজনশীল কার্যক্রম সমানভাবে চালিয়ে যেতে চায়। সে আরও জানায়, হাতের লেখা, ছড়া, গান, চিত্রাঙ্কন শুরু থেকেই তার বাবার কাছ থেকে শিখছে, তার বাবা এ ব্যাপারে প্রতিনিয়িত উত্সাহ প্রদান করেন।

প্রীতমের শিক্ষক অর্থাত্ জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার হোসেন বলেন, শেখ রাসেল দিবস-এ পুরস্কারপ্রাপ্তির মধ্যদিয়ে প্রীতম আমাদের চমক দেখিয়েছে। প্রীতম আমাদের গর্ব। তার হাতের লেখা, ছড়া, গান, চিত্রাঙ্কন আমাদের সবসময়ই মুগ্ধ করত। আশা করি জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্তি তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।  প্রধান শিক্ষক জানায়, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সকল বিষয়ে সমান পারদর্শীতা দেখিয়ে প্রীতম যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তা আমাদের জন্য গর্বের।

প্রীতমের পুরস্কারপ্রাপ্তির বিষয়ে সিলেট বিভাগীয় উপপরিচালক মো. মোসলেম উদ্দিন বলেন, শেখ রাসেল দিবস উপলক্ষে প্রীতম সেরা শিশু শিক্ষার্থীর পুরস্কার অর্জন করেছে এজন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত । তিনি প্রীতমের এ সাফল্যের পেছনে এবং নির্বাচনের  ক্ষেত্রে পরিবার থেকে  উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সংম্পৃক্ত  কর্মকর্তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই কর্মকর্তা আশা করেন ভবিষ্যতে প্রীতম নিয়মিত সৃজনশীল কাজের চর্চা করবে এবং বিভিন্ন পর্যায়ে দক্ষতা দেখিয়ে সিলেট তথা দেশের মুখ উজ্জ্বল করবে। তিনি মনে করেন, প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন করা শেখ রাসেল দিবসের সেরা শিক্ষার্থীর পুরস্কারটি প্রথমবারই পাবার কৃতিত্বও অর্জন করার বিষয়টিও প্রীতমের জন্য বড় ধরনের অর্জন। প্রীতমের বাবা তাপস দেব নাথ একজন বেসরকারি চাকরিজীবী, মা গীতা রানী নাথ স্কুল শিক্ষিকা।