গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধিতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন গঙ্গাচড়া উপজেলাবাসী। মাত্র এক দিনের বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিস্তাপাড়ের মানুষ। পানির তোড়ে বিভিন্ন ইউনিয়নে পাকা রাস্তাসহ সেতু ভেঙে গেছে। ফলে যোগাযোগব্যবস্থায় অচলাবস্থা তৈরি হয়েছে। এছাড়া বিশুদ্ধ খাওয়ার পানির অভাব ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় এরই মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। রংপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার দুপুরে তিস্তার পানি বিপত্সীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। জানা যায়, গত মঙ্গলবার রাতে হঠাত্ করে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সাত ইউনিয়নের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তলিয়ে যায় রাস্তাঘাট। ভেঙে যায় কাঁচা-পাকা রাস্তা। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, পানির তোড়ে বাগেরহাট এলাকার এক কিলোমিটার এলাকার হিরিং বন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, তার ইউনিয়নে বন্যায় দুইটি সেতু ও দুই স্থানে পাকা রাস্তা পানির তোড়ে ভেঙে গেছে। ফলে ইউনিয়নে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, উপজেলার সাত ইউনিয়নে মোট ২০ কিলোমিটার পাকা রাস্তার ক্ষতি হয়েছে।