কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। শনিবার দুপুরে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচি পালন করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাঘমারা গ্রামের আনোয়ার হোসেন, নজির মিয়া, তোয়াব আলী, সাজ্জাদ মিয়া, সিরাজুল ইসলাম, সোয়াব আলী, ইয়াকুব আলী, ইউসুফ মিয়া, মাওলানা মইন উদ্দিন, শিক্ষার্থী আমিনুল ইসলাম ও নাছরিন বেগম। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকেই বাঘমারা গ্রামটি অবহেলিত। কৃষিনির্ভর এ গ্রামে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। অথচ কৃষকরা তাদের রোপিত ফসলাদি বিক্রির জন্য হাটবাজারেও নিতে পারেন না কাঁচা সড়কের জন্য। তারা আরো বলেন, বাঘমারা গ্রামের জামাল মিয়ার বাড়ির সামনে থেকে সাবেক ইউপি সদস্য নুর ইসলামের বাড়ি পর্যন্ত সড়কটি বেহাল। এ সময় তারা, বেহাল এ সড়কটি দ্রুত পাকাকরণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, অনেক বছর থেকে বাঘমারা গ্রামবাসীর কাঁচা সড়কটি পাকাকরণের দাবি। ইতিমধ্যে সংসদ সদস্যকে সড়কটি পাকাকরণের জন্য অনুরোধ করা হয়েছে।